নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে বসতঘরের সামনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও আতঙ্কের সৃষ্টি করা তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আমানউল্যাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লাকুড়িয়াকান্দি পাটোয়ারী বাড়িতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে এই ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে হাত উঁচিয়ে অস্ত্র তাক করা এবং পেছনে থেকে ‘গুলি কর, গুলি কর’ উসকানিমূলক বার্তার পর জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটোয়ারী বাড়ির দুই ভাই মজিব উল্যাহ ও শরিফ উল্যাহর মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার সালিশ-বৈঠক হলেও দুই পক্ষের দ্বন্দ্ব মেটেনি। এরই জেরে মজিব উল্যাহ বহিরাগত মুখোশধারী সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে শরিফ উল্যাহর পরিবারের ওপর চড়াও হন। হামলাকারীরা লাঠি ও ইটপাটকেল ছুড়ে মারলে এবং এলোপাতাড়ি গুলি চালালে শরিফ উল্যাহর পরিবারের চার সদস্য গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে পুলিশ মূল অস্ত্রধারী ইসরাফিলসহ তিনজনকে আটক করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ভিডিওটি পর্যালোচনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ইসরাফিল (৩৪), মজিব উল্যাহ (৬৫) ও তোফায়েল আহমেদকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শরিফ উল্যাহর ছেলে মোবারক উল্যাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বাকি হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
