মিডিয়া জগতে নতুন পরিচয়ে হাজির হয়েছেন প্রযোজক অলিভ আহমেদ। দীর্ঘদিন প্রযোজক হিসেবে কাজ করার পর এবার তিনি উপস্থাপক হিসেবে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠান “ঈদ আনন্দ আড্ডা” উপস্থাপনা করেছেন তিনি।
জানা যায়, ঈদ উপলক্ষে চ্যানেলটির আয়োজিত বিশেষ অনুষ্ঠানে নিউ ইয়র্ক প্রবাসী শিল্পী ও বিভিন্ন পেশার অতিথিদের সঙ্গে প্রাণবন্ত আলাপ, হাস্যরস এবং ঈদের আনন্দঘন পরিবেশ তুলে ধরতে দেখা যায় অলিভ আহমেদকে। অনুষ্ঠানে তার স্বতঃস্ফূর্ত উপস্থাপনা দর্শকদের বাড়তি আনন্দ দিবে।
মিডিয়া সংশ্লিষ্টরা বলছেন, প্রযোজক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় তিনি বেশ সাবলীল ছিলেন। অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে অতিথিদের সঙ্গে আলাপচারিতা, ঈদ নিয়ে স্মৃতিচারণ এবং বিনোদনমূলক পরিবেশ তৈরি করে দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি আয়োজন উপহার দেওয়া হয়েছে।
অলিভ আহমেদ জানান, প্রযোজনার পাশাপাশি উপস্থাপনায় কাজ করা তার জন্য একটি নতুন অভিজ্ঞতা। দর্শকদের ভালোবাসা পেলে ভবিষ্যতেও উপস্থাপনায় নিয়মিত কাজ করার আগ্রহ রয়েছে বলে তিনি জানান।
ঈদের বিশেষ এই অনুষ্ঠানটি আরটিভিতে চারদিন ব্যাপী ঈদ আয়োজনের অংশ হিসেবে প্রচার হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
