রাশিয়া থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিসহ জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে বাংলাদেশ সরকার। তবে এ উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সংক্রান্ত জটিলতা থাকায় এ বিষয়ে মার্কিন পক্ষের অনাপত্তির অপেক্ষায় রয়েছে সরকার।
বৃহস্পতিবার ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং জ্বালানি সরবরাহে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, তেল ও এলএনজি আমদানিসহ বৃহত্তর জ্বালানি খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা সরকার খতিয়ে দেখছে।
তিনি বলেন, বিশ্ব জ্বালানি বাজারে রাশিয়ার শক্ত অবস্থান রয়েছে এবং দেশটি বাংলাদেশের সঙ্গে সহযোগিতায় আগ্রহ দেখিয়েছে। কীভাবে এই সহযোগিতা আরও বাড়ানো যায়, সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য জ্বালানি ও বিদ্যুতের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকার জ্বালানি উৎসের বৈচিত্র্য আনার জন্য কাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার করবে বলেও তিনি উল্লেখ করেন।
