ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দু’জন ব্যক্তি ও দু’জন নারীকে লাঞ্ছিত করার ঘটনায় তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুই ব্যক্তি ও দুই নারীকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করে।
তদন্ত শেষে অভিযুক্তদের সম্পৃক্ততা পাওয়ায় কমিটি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। সেই সুপারিশ অনুযায়ী তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
