নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় এক মসজিদের ইমামকে তারাবির নামাজ শেষে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার ৩ মার্চ দিবাগত রাতে চরকিং ইউনিয়নের ৭ নম্বর চরবগুলা ওয়ার্ডের একটি মসজিদে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, মসজিদের ইমাম মাওলানা রবিউল হোসাইন তারাবির নামাজ শেষ করার পর তাকে জোর করে বাইরে নিয়ে মারধর করা হয়। স্থানীয়দের দাবি, গত নির্বাচনের সময় তিনি ‘শাপলা কলি’ প্রতীকের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। সেই বিরোধের জের ধরেই এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনায় অভিযুক্ত হিসেবে শাহাদাত হোসেন (২৪), রুবেল (২৬), ওসমান, সুমন ও কালা মিরাজসহ কয়েকজনের নাম স্থানীয়ভাবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে হাতিয়ার সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, বিএনপির আশ্রয়ে থেকে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। প্রশাসনের উচিত দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা।
অন্যদিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
