দেশে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা মামলায় আটক বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী ও শিক্ষকদের মুক্তির দাবি জানিয়েছেন ৩০ জন বিশিষ্ট নাগরিক।
সোমবার পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে দায়ের করা একাধিক মামলায় বিভিন্ন পেশার মানুষকে আসামি করা হয়েছে। তাদের অনেকেই সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলেও দাবি করা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কিছু মামলায় এক হাজারেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দেড় বছরের বেশি সময় ধরে জামিন পাননি। কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও বলা হয়েছে। মানবিক বিবেচনায় অন্তত অসুস্থদের জামিনে মুক্তি দিয়ে চিকিৎসার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান স্বাক্ষরকারীরা।
স্বাক্ষরকারীরা অভিযোগ করেন, ভিন্নমত প্রকাশ বা সরকারের সমালোচনার জেরে কিছু সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়েছে। এমন ঘটনাও ঘটেছে যেখানে এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সরকার বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেও এসব ঘটনায় তার প্রতিফলন দেখা যাচ্ছে না।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সুলতানা কামাল, খুশী কবির, ইফতেখারুজ্জামান, জেড আই খান পান্না, শহিদুল আলম এবং সালমা আলীসহ আরও অনেকে।
তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
