নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা–কর্মচারীদের অনুপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।
বুধবার সকাল ৯টার দিকে তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে যান। তবে অফিসের প্রধান ফটক খোলা থাকলেও ভেতরের বিভিন্ন কক্ষ তালাবদ্ধ দেখতে পান তিনি। সেখানে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের কাউকেই তখন পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান, প্রায় আধঘণ্টা অফিসের বারান্দায় চেয়ারে বসে অপেক্ষা করেন প্রতিমন্ত্রী। পরে খবর পেয়ে একে একে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত হন। এ সময় ভূমি সেবা নিতে আসা কয়েকজন গ্রাহককেও সেখানে অপেক্ষা করতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দেরিতে আসা কর্মকর্তাদের কাছে বিষয়টি নিয়ে ব্যাখ্যা চান প্রতিমন্ত্রী। তবে তাদের দেওয়া উত্তরে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে কায়সার কামাল বলেন, এ ধরনের দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা দায়িত্বে অবহেলা করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করবে। সরকারি অফিসে অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে ভবিষ্যতেও বিভিন্ন সরকারি দপ্তরে এ ধরনের আকস্মিক পরিদর্শন চালানো হবে বলেও জানান ভূমি প্রতিমন্ত্রী।
