আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষর করেন। এতে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হয়।
দুপুর ২টায় ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এসে বিদায়ী চিফ প্রসিকিউটরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত প্রসিকিউটররা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন নতুন চিফ প্রসিকিউটর। আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।
চিফ প্রসিকিউটর পরিবর্তনের পাশাপাশি সুপ্রিম কোর্টের আরও চারজন আইনজীবীকে আইসিটির প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন—মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান।
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধ ও গুম-খুনের মামলার বিচার কার্যক্রম পরিচালনার জন্য তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
দায়িত্ব হস্তান্তরের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তার সময়কালে যেসব মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে, তার অনেকগুলো এখনও চলমান। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন হবে।
তাজুল ইসলাম বলেন, ‘বিচারপ্রক্রিয়া একটি ধারাবাহিক বিষয়। এখানে কোনো ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই মুখ্য।’ দায়িত্ব পালনকালে সময়টিকে তিনি ‘অম্লমধুর’ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।
নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের অধীনে আইসিটির বিচার কার্যক্রম কীভাবে এগোয়, সে দিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।
