বাংলাদেশের তরুণ নেতা ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতকে জড়িয়ে যে বক্তব্য ও অভিযোগ তোলা হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ শাসনব্যবস্থার ব্যর্থতা ঢাকতেই এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, “হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারতকে যুক্ত করার চেষ্টা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর পেছনে কোনো বাস্তব প্রমাণ নেই।”
গত মাসে হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। সম্প্রতি বাংলাদেশের পুলিশ দাবি করে, হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে। তবে এই দাবি স্পষ্টভাবে নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শেখ হাসিনার দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় এড়াতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ঘোরাতেই বর্তমান শাসকগোষ্ঠী ভারতের নাম টেনে আনছে। তার ভাষায়, “নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিবেশী দেশকে জড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।”
এই মন্তব্যের মধ্য দিয়ে হাদি হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক দায়-দায়িত্ব এবং তদন্তের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
