বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন।
গ্রেপ্তারের আগে শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরিত একটি চিঠি মাহদী হাসানের কাছে পাঠানো হয়। একই চিঠি সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় মাহদী হাসানের দেওয়া কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য সংগঠনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং এতে জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান মাহদী হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিনি নিজেকে আন্দোলনের নেতা দাবি করে বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে হুমকিমূলক বক্তব্য দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশ জানায়, ভিডিও ও ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
