খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ডুমুরিয়া উপজেলার শলুয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক ইমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। একই ঘটনায় একজন স্থানীয় পশুচিকিৎসক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটা ইউনিয়নের শলুয়া বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ।
নিহত ইমদাদুল হক মিলন অনলাইন নিউজ পোর্টাল ‘বর্তমান সময়’-এর সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় মিলন শলুয়া বাজারে জনতা ব্যাংকের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা চারজন অস্ত্রধারী হঠাৎ এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে থাকা পশুচিকিৎসক দেবাশীষ বিশ্বাস মাথায় গুলিবিদ্ধ হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, দেবাশীষ বিশ্বাস সরে গেলে সন্ত্রাসীরা চায়ের দোকানের ভেতরে ঢুকে ইমদাদুল হক মিলনের মাথায় বন্দুক ঠেকিয়ে একাধিক গুলি করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় অভিযান চালানো হলেও রাত পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে প্রকাশ্যে বাজার এলাকায় একজন সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, প্রশাসনের নজরদারি ও আইনশৃঙ্খলা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।
