ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে সড়কে নেমেছেন তার সমর্থকরা। খবর ছড়িয়ে পড়ার পরপরই নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাতে হাদির সমর্থকরা চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থান নেন। সেখানে তারা সড়কে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।
একই রাতে রাত ১১টার পর ‘ছাত্র-জনতা’র ব্যানারে একদল যুবক মিছিল নিয়ে দুই নম্বর গেট এলাকা থেকে চশমা হিলের দিকে যান। সেখানে তারা আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলা চালান।
প্রথমে বাসার সামনে রাখা একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে বিক্ষুব্ধরা বাসার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার বিষয়ে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যস্ত রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে, হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একদল যুবক। সেখানে ছাত্র-জনতার ব্যানারে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালানো হয়।
