পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করা হয়েছে।
শুক্রবার একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অনিবার্য কারণে শিল্পকলা একাডেমির আওতাধীন সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
শনিবার রাষ্ট্রীয় শোকের কারণে সব কার্যক্রম বন্ধ থাকবে জানিয়ে তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি স্বাভাবিক হলে রোববার থেকে কার্যক্রম শুরু হতে পারে, আবার নাও হতে পারে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে সরকার শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোক দিবস একদিনের হলেও শিল্পকলা কতদিন বন্ধ থাকবে—এ বিষয়ে জানতে চাইলে পরিচালক একই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
এদিকে নাট্যদল ‘অবলোকন’-এর নতুন প্রযোজনা ‘গন্ধসূত্র’-এর দ্বিতীয় প্রদর্শনী বাতিল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় একই মিলনায়তনে দ্বিতীয় প্রদর্শনী হওয়ার কথা থাকলেও মিলনায়তন বরাদ্দ স্থগিত করায় তা সম্ভব হয়নি।
নাটকটির নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, দেশের অরাজক পরিস্থিতির কারণে শিল্পকলা একাডেমি বন্ধ থাকায় তাদের প্রদর্শনী বাতিল করতে হয়েছে।
শুক্রবার সকালে অবলোকনের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, দেশের অস্থির পরিস্থিতির কারণে ‘গন্ধসূত্র’-এর শুক্রবারের প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে। অগ্রিম টিকিট সংগ্রহকারীদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়।
