ময়মনসিংহের ভালুকায় হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যার পর লাশে আগুন দিয়েছে ‘তৌহিদি জনতা’। এর আগে লাশ টেনেহিঁচড়ে নিয়ে রোড ডিভাইডারে ঝুলিয়ে রাখা হয়।
বৃহস্পতিবার (রাত ৯টার দিকে) উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার ভেতরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং ঘটনাস্থলের কাছেই ভাড়া বাসায় থাকতেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেক জানান, ধর্ম অবমাননার অভিযোগে একদল উত্তেজিত ব্যক্তি তাকে মারধর করে। পরে পরিস্থিতি আরও সহিংস রূপ নেয়।
ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া জানান, পিটিয়ে হত্যার পর মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়া হয়। পরে মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হলে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুরুতর আহত অবস্থায় দীপুকে গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখা হয়। এরপর তার শরীরে আগুন ধরিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। আগুন জ্বলতে থাকা অবস্থায় হামলাকারীদের উল্লাস করতেও দেখা গেছে বলে জানান তারা।
ঘটনার পর স্থানীয় কেউই জড়িতদের নাম বলতে রাজি হননি। পুলিশও তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করতে পারেনি।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দীপু চন্দ্র দাসের পোড়া মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শুক্রবার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তারা মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
