এবারের আইপিএল মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার। সেখান থেকে বাছাই শেষে বাদ পড়েছেন প্রায় এক হাজার খেলোয়াড়। আজ মঙ্গলবার আবুধাবিতে নিলামের টেবিলে বসছেন ৩৬৯ জন ক্রিকেটার। ১০টি দল মিলিয়ে পূরণ হবে ৭৭টি শূন্যস্থান, যার মধ্যে বিদেশি কোটায় ফাঁকা রয়েছে ৩১টি জায়গা।
আইপিএল নিলাম মানেই সবচেয়ে দামী খেলোয়াড় কে হচ্ছেন, তা নিয়ে আলাদা উত্তেজনা। গত মৌসুমে ঋশাভ পান্ত ২৭ কোটি রুপিতে দল পেয়ে আইপিএল ইতিহাসে নতুন রেকর্ড গড়েন। তার আগে ২০২৫ সালের মেগা নিলামে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার। প্রতি বছরই নিলামের অঙ্ক প্রমাণ করছে, আইপিএলের আর্থিক বিস্তার কতটা দ্রুত ঘটছে।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে সর্বোচ্চ ৬ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসে যোগ দেন মহেন্দ্র সিং ধোনি। পরের বছর কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু ফ্লিনটফ ৭ কোটি ৫৫ লাখ রুপিতে দল পান। ২০১১ সালে প্রথমবার ১০ কোটির গণ্ডি পেরোন গৌতম গম্ভীর, ১১ কোটি ৪ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়ে। এরপর একের পর এক নিলামে ভাঙতে থাকে রেকর্ড।
২০১৪ ও ২০১৫ সালে টানা দুই বছর সবচেয়ে দামী খেলোয়াড় হন যুবরাজ সিং। ২০১৭ ও ২০১৮ সালে শীর্ষে ছিলেন বেন স্টোকস। ২০২১ সালে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে নজর কাড়েন ক্রিস মরিস। ২০২৪ সালে মিচেল স্টার্ক ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে ইতিহাস গড়লেও, এক বছর পর সেই রেকর্ড ভেঙে দেন ঋশাভ পান্ত।
আইপিএলের ১৮ আসরের প্রতিটিতেই নিলামের সর্বোচ্চ দামের তালিকা বলে দিচ্ছে, এই ফ্র্যাঞ্চাইজি লিগ কীভাবে ক্রিকেটের অর্থনীতিকে বদলে দিয়েছে।
