যুব এশিয়া কাপে টানা দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শুরুতে আফগানিস্তান ও নেপালকে হারিয়ে শেষ চারের পথে এগিয়ে ছিল দলটি। গতকাল গ্রুপের আরেক ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়।
গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই প্রথম দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচের জয়ী দলই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
বাংলাদেশ যদি ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে, তবে তাদের প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ। ১৬ ডিসেম্বর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচের জয়ী দলই সেখানে রানার্সআপ হওয়ার সম্ভাবনায় এগিয়ে।
অন্যদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতলে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে উঠবে। সে কারণে বাংলাদেশ যদি শ্রীলঙ্কার বিপক্ষে হেরে রানার্সআপ হয়, তাহলে সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে ভারত।
আগামী ১৯ ডিসেম্বর টুর্নামেন্টের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যুব এশিয়া কাপের ফাইনাল।
