কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাওলানা সাইদুর রহমানকে আটক করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, দৌলতপুর এলাকার বাসিন্দা ওই শিশু প্রায় আট মাস আগে মাদ্রাসাটিতে ভর্তি হয় এবং সেখানেই অবস্থান করছিল। রোববার মাদ্রাসা ছুটির দিন শিশুটির মা তাকে বাড়ি নিতে গেলে অসুস্থতার কথা জানানো হয়। পরে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠার পর সোমবার অভিযুক্ত সুপারকে আটক করে পুলিশ।
শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তার বাবা বলেন, ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য মেয়েকে মাদ্রাসায় পাঠিয়েছিলেন, কিন্তু এমন ঘটনার জন্য তিনি গভীরভাবে হতবাক।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
