নিজস্ব প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা শহরে ঝটিকা আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে তারা শহরের ছিন্নমূল মানুষের মাঝে সেহরি বিতরণ করে । মঙ্গলবার সকালে এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান তার ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, শহরের ঝিলটুলী এলাকার পানির ট্যাংকির মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি ‘শুভ শুভ শুভদিন বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘গোলটেবিল না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
মিছিলের অগ্রভাগে জেলা সভাপতি তামজিদুল রশিদসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে দেখা গেলেও অনেকের মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। মিছিলটি জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে দ্রুত শেষ করে অংশগ্রহণকারীরা সটকে পড়ে। মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল— “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ফরিদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি।”
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমরা ভোররাতে শহরের বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে সেহরি বিতরণ করেছি। এরপর সকালে আনন্দ মিছিল বের করি। মিছিলে প্রায় ৫০ জন কর্মী অংশ নিয়েছিল এবং ২০ জনের মতো কর্মী বিভিন্ন মোড়ে ‘ওয়াচম্যান’ হিসেবে সতর্ক অবস্থানে ছিল।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আমরা ইতিমধ্যে ওই মিছিলের ভিডিও হাতে পেয়েছি। পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে ।
উল্লেখ্য, গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে সংগঠনটির নেতাকর্মীদের প্রকাশ্য কার্যক্রম অনেকটা বন্ধ থাকলেও বঙ্গবন্ধুর জন্মদিনকে কেন্দ্র করে এই প্রথম ফরিদপুরে বড় কোনো ঝটিকা কর্মসূচি দেখা গেল।
