অন্তর্বর্তী সরকারের ঘোষিত গণভোট আয়োজনকে ‘দেশদ্রোহিতা’ বলে মন্তব্য করেছেন জি এম কাদের। রোববার রংপুরে গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন সাংবিধানিক ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।
জাতীয় পার্টি চেয়ারম্যানের ভাষ্য, গণভোট আয়োজনের এখতিয়ার নির্বাচিত সংসদ সদস্যদের, অন্তর্বর্তী সরকারের নয়। তার দাবি, বর্তমান সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে ‘দেশদ্রোহিতা’ হিসেবে প্রমাণিত হতে পারে। তিনি আরও অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে সাম্প্রদায়িক ও উগ্রপন্থার দিকে ঠেলে দিতে চায়। এ পরিস্থিতিতে দেশ রক্ষায় জনগণকে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে বাইরে রেখে আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও দলটির অনুসারীদের ভোটকেন্দ্রে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
জি এম কাদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও তোলেন। তার বক্তব্য অনুযায়ী, দেশে চিহ্নিত অপরাধীদের ছাড় দেওয়া হলেও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে দমনমূলক পরিবেশ তৈরি করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হয়েছে এবং বাইরের শক্তির প্ররোচনায় আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। রংপুর-৩ আসনে গণসংযোগে ইতিবাচক সাড়া পাচ্ছেন দাবি করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি উল্লেখযোগ্যসংখ্যক ভোট ও আসন পেতে পারে।
