পাবনার ঈশ্বরদীতে সদ্যজাত আটটি কুকুর ছানা বস্তায় ভরে পুকুরে ফেলে মেরে ফেলার ঘটনা সারা দেশের মানুষকে হতবাক করেছে। সন্তানের মৃত্যুতে মা কুকুরের অসহায় চিৎকার ও ছোটাছুটি সামাজিক মাধ্যমে অসংখ্যবার শেয়ার হয়েছে, যা সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
এ ঘটনাটি ঘটেছে ঈশ্বরদী উপজেলা পরিষদ কোয়ার্টার কমপ্লেক্সের সামনে, গত রবিবার রাতে। ওইদিন রাত থেকেই শুরু হয় মা কুকুরের আহাজারি। পরদিন, সোমবার সকাল থেকে মা কুকুরটি খাবার খাওয়াতে গিয়ে দেখতে পায় তার সন্তানরা নিখোঁজ। দুধের বাটি নিয়ে এদিক-সেদিক ছুটতে দেখা যায় তাকে।
মাত্র সপ্তাহখানেক আগে মা পথকুকুরটি ওই ছানাদের জন্ম দিয়েছিল। জন্মের পর, কোয়ার্টারের একটি ভবনের নিচে মা কুকুরের ছানারা ছিল। কিন্তু আকস্মিকভাবে তাদের নিখোঁজ হয়ে যাওয়ার পর মা কুকুরের আর্তনাদ শুনে বিষয়টি খতিয়ে দেখে উপজেলা প্রশাসন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, প্রথমদিন বিষয়টি বোঝা না গেলেও পরে খোঁজ নিয়ে জানা যায় যে, ওই আটটি কুকুর ছানাকে একটি বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। তিনি এই ঘটনা “খুবই গর্হিত এবং অমানবিক” বলে অভিহিত করেন।
এ ঘটনা শুধু মানুষের মনে ক্ষোভই সৃষ্টি করেনি, পাশাপাশি প্রাণী অধিকার নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
