ইউক্রেনে চলমান যুদ্ধ কীভাবে থামানো যায়, তা নিয়ে ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন আলোচকদের একটি দীর্ঘ বৈঠক হয়েছে। মঙ্গলবারের এই রুদ্ধদ্বার আলোচনা প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে।
বৈঠকের পর পুতিনের সহকারী ইউরি উশাকভ জানান, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সাথে বৈঠকটি “গঠনমূলক” হলেও সামনে এখনও বড় ধরনের কাজ বাকি রয়েছে।
এই বৈঠকের আগে পুতিন সতর্ক করে বলেছেন, “যদি ইউরোপ আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমরা তা করতে প্রস্তুত”। তার দাবি, যুক্তরাষ্ট্র–রাশিয়া আলোচনার খসড়ায় ইউরোপের যেসব শর্ত যুক্ত হয়েছে, তা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়।
এর আগে গত দুই সপ্তাহ ধরে কিয়েভের প্রতিনিধিদের সাথেও একই বিষয়ে আলোচনা করেন মার্কিন দূতরা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ক্রেমলিন বৈঠকের পর তিনি মার্কিন প্রতিনিধি দলের ব্রিফিং আশা করছেন। তিনি বলেন, “এখন আগের চেয়েও বেশি” যুদ্ধ বন্ধের সম্ভাবনা তৈরি হয়েছে, তবে প্রস্তাবগুলো নিয়ে আরও কাজ বাকি আছে। জেলেনস্কির ভাষায়, “আজকের আলোচনার উপর সবকিছু নির্ভর করছে”।
ইউক্রেনের প্রতিনিধিরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন আলোচকদের সাথে দুই দফা বৈঠক করেছেন। নভেম্বরের ২৮ দফা শান্তি পরিকল্পনা সামনে আসার পর এসব বৈঠকে অংশ নেন স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
