বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি দেশজুড়ে নাগরিকদের তাঁর আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়।
সভায় তার বর্তমান স্বাস্থ্যের অবনতি বিবেচনায় হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সম্ভাবনা পর্যালোচনা, নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়। এসব কারণ বিবেচনায় তাকে রাষ্ট্রের ভিভিআইপি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানানো হয়।
প্রেস উইং জানায়, সরকার এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে। সিদ্ধান্তের বিষয়টি খালেদা জিয়ার পরিবার এবং দলকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
