নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরপরই আশপাশের লোকজনের মধ্যে ছুটোছুটি শুরু হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায় এবং এর পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
