প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশের একটি আদালত যে রায় ঘোষণা করেছে, সেটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মিজ সিদ্দিক। তিনি এই সিদ্ধান্তকে “ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক” হিসেবে বর্ণনা করেছেন।
রায় ঘোষণার কিছু পরেই গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে মিজ সিদ্দিক বলেন, “এর (বিচারের) শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক ছাড়া আর কিছুই নয়।”
তার ভাষায়, “এই ক্যাঙ্গারু কোর্টের সম্পূর্ণ অযৌক্তিক রায়টি আগে থেকেই অনুমান করা যাচ্ছিল… আমার মনোযোগ সবসময় হ্যাম্পস্টেড এবং হাইগেটের আমার ভোটারদের ওপর এবং আমি বাংলাদেশের নোংরা রাজনীতিতে বিভ্রান্ত হতে রাজি নই।”
লেবার পার্টিও এই রায়কে গুরুত্ব দিচ্ছে না। তাদের বক্তব্য, বিচার প্রক্রিয়ার সময়ে টিউলিপ সিদ্দিক ন্যায্যভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি, যা আইনি মানদণ্ডের পরিপন্থী।
গত সপ্তাহে শীর্ষস্থানীয় ব্রিটিশ আইনজীবীদের একটি প্রতিনিধিদল বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে একই উদ্বেগ তুলে ধরেছিল। তাদের মতে, মিজ সিদ্দিকের অনুপস্থিতিতে পরিচালিত মামলাটি “সাজানো, কল্পিত এবং অন্যায্য।”
