নিজস্ব প্রতিবেদক, গাজীপুর :
ন্যূনতম মজুরির ন্যায্য দাবিতে রাজপথে নামা সাধারণ পোশাকশ্রমিকদের কণ্ঠরোধ করতে এবং চলমান আন্দোলনকে নস্যাৎ করতে এবার লাঠিসোঁটা হাতে প্রকাশ্য মহড়া দিয়েছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুরের শিল্পাঞ্চল কালিয়াকৈরে ভাঙচুর প্রতিরোধের অজুহাত তুলে দলটির নেতাকর্মীদের এমন মারমুখী অবস্থানে সাধারণ শ্রমিক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, বাঁশ ও কাঠের লাঠিসোঁটা হাতে একদল নেতাকর্মী কালিয়াকৈরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোডাউন দিচ্ছেন। আপাতদৃষ্টিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দাবি করা হলেও প্রত্যক্ষদর্শী ও আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, মূলত মজুরি বৃদ্ধির ন্যায্য আন্দোলন ভেঙে দেওয়া এবং শ্রমিকদের মাঝে ভীতি সঞ্চার করতেই এমন পেশিশক্তির প্রদর্শন করা হয়েছে।
শ্রমিক নেতারা অভিযোগ করে বলেন, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে পরিবার নিয়ে বেঁচে থাকার তাগিদে পোশাকশ্রমিকেরা যখন শান্তিপূর্ণভাবে ও নিয়মতান্ত্রিক উপায়ে মজুরি পুনর্নির্ধারণের দাবি জানাচ্ছেন, তখন রাজনৈতিক ফায়দা হাসিল এবং শিল্পমালিকদের স্বার্থ রক্ষায় একটি রাজনৈতিক দল এভাবে শ্রমিকদের মুখোমুখি দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিজেদের কাঁধে তুলে নিয়ে লাঠিসোঁটা প্রদর্শন করে আন্দোলন দমনের এই অপচেষ্টা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারের ওপর চরম আঘাত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিল্পাঞ্চলের সাধারণ শ্রমিকেরা জানান, রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের হুমকি ও ভীতি প্রদর্শন তাঁদের ন্যায্য আন্দোলন থেকে পিছু হটাতে পারবে না। বরং কোনো ধরনের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষকেই নিতে হবে। এ ঘটনায় বর্তমানে কালিয়াকৈর শিল্পাঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি ও চাপা উত্তেজনা বিরাজ করছে।
