সামাজিকমাধ্যমে হঠাৎ করে নানান নারী তারকার পোস্টে অদ্ভুত সব সংখ্যা দেখা যাচ্ছে। কারও ছবিতে লেখা ‘৯’, কারও ‘২৪’, আবার কেউ লিখছেন ‘১০০০’। এই সংখ্যা কী বোঝাচ্ছে তা নিয়ে অনেকে কৌতূহলী হয়ে ওঠেছেন।
আসলে এগুলো একটি যৌথ প্রতিবাদের অংশ। ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে শুরু হয়েছে নতুন ক্যাম্পেইন ‘মাই নাম্বার, মাই স্টোরি’। প্রতিটি সংখ্যা জানাচ্ছে একদিনে তারা কতবার অনলাইন হয়রানির শিকার হন।
২৫ নভেম্বর আন্দোলনের সূচনা করেন নুসরাত ইমরোজ তিশা। নিজের ছবির ওপর ‘৯’ লিখে তিনি জানান, প্রতিদিন অন্তত ৯টি অবমাননাকর বার্তা বা মন্তব্য তাকে মোকাবিলা করতে হয়। তিনি লেখেন, শুধু সংখ্যা নয় এই সংখ্যার পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের ক্ষতি, সহ্য এবং লড়াই। সবাইকে নিজেদের গল্প জানাতে এবং আরও জোরে আওয়াজ তুলতে আহ্বান জানান তিশা।
এরপর একে একে যুক্ত হয়েছেন আরও অনেক তারকা। রুনা খানের সংখ্যা ‘২৪’, শবনম ফারিয়ার ‘১০০০’, দীঘির ‘৩’, মৌসুমী হামিদের ‘৭২’, পুতুলের ‘৯’, ভাবনার ‘৯৯ প্লাস’। তারা জানাচ্ছেন, প্রতিদিনই হয়রানি থামে না বরং বেড়েই চলছে।
গণমাধ্যমকে রুনা খান বলেন, সমস্যা শুধু তারকাদের নয় সোশ্যাল মিডিয়ায় যেকোনো নারীই অনিরাপদ। গত দশ বছরে ইন্টারনেট ব্যবহারের বিস্তার ঘটলেও, অনেকেই এখনো দায়িত্বশীল আচরণ শেখেননি বলে তিনি মনে করেন। তার মতে, ৫ আগস্টের পর নারীরা আরও তীব্র অপমান, কটূক্তি ও হামলার মুখে পড়ছেন।
জানা গেছে, ‘মাই নাম্বার, মাই স্টোরি’ ক্যাম্পেইনটি ১৬ দিন ধরে চলবে। এর লক্ষ্য ডিজিটাল সহিংসতার বাস্তবতা সামনে আনা এবং নারীদের বিরুদ্ধে অনলাইন হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করা।
