ঢাকা−১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে আদালতে মামলা করার আবেদন দায়ের হয়েছে। হোসাইন মোহাম্মদ আনোয়ার নামে এক ব্যক্তি বুধবার ঢাকার সিএমএম আদালতে আবেদনটি করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্ত করে দেখার দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, বিবাহ বিষয়ক মন্তব্যের মাধ্যমে তুলি ইসলাম ধর্মকে ‘অপমান’ করেছেন। ১৫ নভেম্বর এক অনুষ্ঠানে তিনি চার বিয়ের প্রেক্ষিতে প্রশ্ন তুলেছিলেন—একজন পুরুষকে চারটি বিয়ে করার এখতিয়ার কোথা থেকে এসেছে।
আলোচনার পর সমালোচনা বাড়লে তুলি ফেসবুকে ব্যাখ্যা দেন। সেখানে তিনি বলেন, ইসলামে চার বিয়ের অনুমতি রয়েছে, কিন্তু প্রতিটি স্ত্রীর অধিকার, সময়, মর্যাদা ও ন্যায়ের পূর্ণ সমতা রাখতে হবে—এটাই মূল শর্ত। তিনি জানান, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল প্রতারণা, লুকানো বিয়ে বা নারীর প্রতি অবিচারের বিরোধিতা করা।
তিনি আরও লেখেন, ইসলাম নারীর সম্মান ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। কেউ তার বক্তব্যে আঘাত পেলে তিনি আন্তরিকভাবে দুঃখিত বলেও পোস্টে উল্লেখ করেন।
