উত্তর আমেরিকায় রেকর্ড সংখ্যক ২৭ টি কনসার্ট করে প্রীতম-প্রতীক দুই ভাই তাক লাগিয়ে দেন।এর আগে কোন বাংলাদেশি শিল্পী আমেরিকা-কানাডার মাটিতে এক সফরে এতো কনসার্ট করতে পারেননি। প্রীতম আর প্রতীক তাই করে দেখালেন। আমেরিকা জয়ের পর এবার তাদের অস্ট্রেলিয়া জয়ের পালা। দুই ভাই মিলে সংগীতপ্রেমীদের মুগ্ধ করেই যাচ্ছেন।

সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই উত্তরসূরি প্রতীক হাসান ও প্রীতম হাসান। বাবার মৃত্যুর পরেই সংগীতাঙ্গনে আসেন প্রতীক হাসান। অল্প সময়ে নিজের জনপ্রিয়তাও তৈরী করেন তিনি। এরপর বাবা ও বড় ভাইয়ের পথে এলেন প্রীতম হাসানও।
‘উড়া ধুরা’ ‘আসো মামা হে’, ‘খোকা, ‘গার্ল ফ্রেন্ডের বিয়া’, ‘চাঁদ মামা’ ও ‘লিচুর বাগানে’সহ একের পর এক হিট গান দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে আছেন তিনি।
নিজেদের নতুন নতুন গানের বাইরে দুই ভাই মঞ্চেও মাতিয়ে বেড়াচ্ছেন। অস্ট্রেলিয়া সফরে আছেন এখন এই দুই তারকা।

সেখানকার পাঁচ শহরে হচ্ছে ‘প্রীতম হাসান লাইভ ইন অস্ট্রেলিয়া’ শিরোনামের কনসার্ট। এই কনসার্টে প্রীতমের সঙ্গে থাকছেন প্রতীক হাসানও।
এরমধ্যে প্রীতম সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনের কনসার্ট করেছেন। ‘বেস্ট অব বেঙ্গলের’ উদ্যোগে আয়োজিত এই সফর শেষ হবে আগামী ২৩ নভেম্বর পার্থ শহরে কনসার্টের মধ্য দিয়ে। তার আগে ২২ নভেম্বর অ্যাডিলেডে একটি কসনার্টে অংশ নেবেন তারা।
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক তানিম মান্নান বলেন, ‘অস্ট্রেলিয়ার বাংলাদেশি শহরগুলোতে আমাদের বাংলা ব্যান্ডগুলোর কনসার্ট নিয়মিত ব্যাপার। প্রীতম হাসান প্রথমবারের মত এই প্রশান্তপারে এসেছেন। ইতিমধ্যে সিডনিতে প্রায় ১২০০ দর্শক প্রতীক এবং প্রীতম হাসানের পরিবেশনায় মুগ্ধ হয়েছেন। দুই ভাই দুটি প্রজন্মের সংগীতকে এক মঞ্চে পরিবেশন করছেন। আমরা ভীষণ আনন্দিত।’
