রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ছাত্রশিবির কর্মীদের মধ্যে ব্যানার টানানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের পরিচয় বিস্তারিত জানা যায়নি। আহতদের মধ্যে কলেজের একজন গণমাধ্যমকর্মীও রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্যমতে, তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের নেতা-কর্মীরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যানার টানানোর কাজ করছিলেন। এ সময় কলেজের প্রধান ফটকের কাছে ব্যানার টানাতে গেলে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের বাধা দেন। এই বাধা দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে কলেজের একজন গণমাধ্যমকর্মী ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ারকে উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত দুইটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন করে কোনো গোলযোগ না ঘটলেও ক্যাম্পাস এলাকায় একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
