নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন জঙ্গল থেকে নিখোঁজের ২০ ঘণ্টা পর বাংলা বিভাগের শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী সন্তান অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বন্ধুদের সঙ্গে ফোনের ক্যামেরায় ছবি তুলতে গিয়ে নিখোঁজ হওয়া এই নিষ্পাপ কিশোরের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের মাতম এবং তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের কাছে কোটবাড়ির বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অষ্টম শ্রেণিতে পড়ুয়া অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল।
দিশেহারা মা সোশ্যাল মিডিয়ায় আকুতি জানিয়ে লিখেছিলেন, “আমার ছেলেরে আমি কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে।” শেষ পর্যন্ত আজ শনিবার দুপুরে ‘ম্যাজিক প্যারাডাইস’ সংলগ্ন দক্ষিণ সানন্দার জঙ্গল থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি এবং অপরাধীদের বেপরোয়া দৌরাত্ম্যের কারণে আজ দেশের সাধারণ নাগরিক ও শিশুদের জীবন চরম হুমকির মুখে পড়েছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়ও যদি একজন শিক্ষকের কিশোর সন্তান এভাবে নিখোঁজ হয়ে লাশ হয়ে ফেরে, তবে তা দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থার চরম ধসকেই নির্দেশ করে।
সচেতন মহল ও শিক্ষার্থীরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য উদঘাটন করে অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
