বাংলাদেশের রাজনীতিতে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নটা আবারও সামনে এসেছে। সর্বোচ্চ আদালতের রায়ে সংবিধানে এই ব্যবস্থা ফিরে আসায় নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে না প্রযোজ্য হবে ভবিষ্যতে, সম্ভবত চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে।
বিতর্কটা শুরু হয়েছে এখানেই। যে রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছে, তারাই এখন বলছে ব্যবস্থা ফিরুক, তবে এখন নয়, পরে। রিভিউ আবেদনেও একই সুর। এই অবস্থান পরিবর্তনকে অনেকে অস্বাভাবিক এবং ধোঁয়াশাপূর্ণ বলছেন।
বিএনপি ও জামায়াতের আইনজীবীদের ব্যাখ্যা হলো আদালত যে সাংবিধানিক ধারাগুলো যুক্ত করার কথা বলেছেন, সেগুলো সংসদ ছাড়া সম্ভব নয়। তাই এসব বাস্তবায়নের জন্য আগে একটি সংসদ দরকার। এখানেই যুক্ত হয়েছে সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি।
রিভিউ আবেদনকারী পক্ষের আইনজীবী শরীফ ভূঁইয়া বলছেন, এখন যেহেতু সংসদ নেই, নিয়ম অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুযোগও নেই। ফলে বর্তমান নির্বাচন নিয়ে পুরোনো দাবি তুলে আনার বাস্তবতা নেই বলেই মনে করছেন তারা।
