মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং তাঁদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। ১৮ নভেম্বর ২০২৫ তারিখে দেওয়া পৃথক পৃথক বিবৃতিতে সংস্থাগুলো এই রায় এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করে।
হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত দুইজনের অনুপস্থিতিতেই বিচার কাজ সম্পন্ন করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচার চলাকালে তাদের পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ ছিল না, যা গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে বলে মন্তব্য করেছে সংস্থাটি।
অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে। সংস্থাটি দীর্ঘদিন ধরেই বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে। একইসাথে তারা বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। তবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই রায়কে ‘ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত’ বলেও উল্লেখ করেছে।
এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুইজনের অনুপস্থিতিতে বিচারের ‘নজিরবিহীন গতি’ এবং এই মামলার রায় ন্যায়বিচারের ক্ষেত্রে ‘উল্লেখযোগ্য উদ্বেগ’ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে।
