শেখ হাসিনার রায়ের প্রাক্কালে এক বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, যেখানে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দলের নেতাকর্মীরা আসন্ন জাতীয় নির্বাচন আটকে দেবে এবং দেশে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি হবে।
দুবাই-ভিত্তিক ইংরেজি দৈনিক খালিজ টাইমস-এ প্রকাশিত এই সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, “আমরা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেব না। আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে, যা করার প্রয়োজন তা করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচনের আগে বাংলাদেশে সংঘাত অবশ্যম্ভাবী।”
এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলার রায় ঘোষণার জন্য আদালত প্রস্তুত। এই রায় নিয়েও জয় তাঁর হতাশাবোধ গোপন করেননি। তিনি বলেন, “আমরা স্পষ্ট জানি রায় কী হবে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেবে। কিন্তু আমার মায়ের কিছুই করতে পারবে না। তিনি ভারতে নিরাপদ আছেন।”
জয় অভিযোগ করেন, ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ সাজানো এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক। উল্লেখ্য, শেখ হাসিনাসহ দলের সকল রাজনৈতিক কার্যক্রম বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ।
তিনি নিশ্চিত করেন যে, যুক্তরাষ্ট্র থেকে তিনি ও তার মা শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবনযাপন করলেও, দেশের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। তিনি বর্তমান দেশব্যাপী চলমান ‘শাটডাউন’ কর্মসূচিকে দলীয় আন্দোলনেরই অংশ বলে উল্লেখ করেন এবং বলেন যে এই বিক্ষোভ আরও ব্যাপক আকার ধারণ করতে চলেছে।
প্রসঙ্গত, মানবাধিকার লঙ্ঘন ও ভিন্নমত দমনের অভিযোগ থাকলেও, দেশের অর্থনীতির পরিবর্তন এবং উন্নয়নমূলক কাজের জন্য শেখ হাসিনাকে কৃতিত্ব দেওয়া হয়। কিন্তু গত বছরের ছাত্র-জনতার তীব্র বিক্ষোভের মুখে তিনি ক্ষমতাচ্যুত হন এবং দেশে নজিরবিহীন রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়।
