নিজস্ব প্রতিবেদক
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে আজ শিল্পাঞ্চলের ৬১টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন ১৩(১) ধারায় ২৯টি কারখানা বন্ধ রয়েছে। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১০টি কারখানায়। ১৭টি কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও কাজ করেননি। কাজ না করায় ছুটি দেওয়া হয়েছে আরও পাঁচটি কারখানায়।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য জানান।
পুলিশ ও শ্রমিক নেতাদের তথ্য অনুযায়ী, সকাল পৌনে ১০টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার কোথাও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
সাভার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালে নির্ধারিত সময়ে শ্রমিকরা বিভিন্ন কারখানায় উপস্থিত হন। তবে বেশ কয়েকটি কারখানার সামনে বন্ধের নোটিশ টাঙানো ছিল।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কয়েকটি কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও কাজ করছেন না। তবে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ চলছে। এখন পর্যন্ত কোথাও বিক্ষোভ বা অস্থিতিশীলতার খবর পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, বেলা পৌনে ১১টার দিকে জিরাবো পুকুরপাড় এলাকায় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়কে জড়ো হলে তাদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
বেলা সাড়ে ১২টার দিকে শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, জিরাবো পুকুরপাড়ে অরুণিমা নামে একটি পোশাক কারখানায় সংঘর্ষের ঘটনা ঘটে। কারখানাটি কিছুদিন বন্ধ থাকার পর গত দুই দিন ধরে চালু হয়েছিল। বৃহস্পতিবার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও কাজ না করায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এরপরও শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে হইচই করতে থাকেন।
খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ, বিজিবি ও ঢাকা জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রথমে শ্রমিকদের শান্ত করে কারখানা থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ জানায়। তবে শ্রমিকরা ওপর থেকে ইটপাটকেল নিক্ষেপ অব্যাহত রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকদের বের হয়ে যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, সাধারণ শ্রমিকরা চলে গেলেও কয়েকজন শ্রমিক পুলিশের দায়িত্বে থাকা গাড়ি ভাঙচুর করেন। এতে দুটি গাড়ির কাচ ভেঙে যায়। এ ঘটনায় একজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি। তাদের মধ্যে দুজন শরীরে আঘাত পেয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। অপর একজনের হাত গাড়ির কাচ ভাঙার সময় কেটে যাওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
