ইউরো বাংলা ডেস্ক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লকডাউন কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন নেতাকর্মীরা। এর মধ্যে বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সর্বশেষ খবর অনুযায়ী, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। কাশিয়ানী ও মুকসুদপুর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।
এ ছাড়া দুপুর ১টার দিকে মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত থানায় ভাঙচুর চলছিল।
অন্যদিকে, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে অবস্থান করছেন এবং লকডাউন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন।
কর্মসূচি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিসহ আট দফা দাবি জানানো হচ্ছে বলে জানা গেছে।
এ ছাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলাতেও বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। কখনো হালকা, আবার কখনো মাঝারি বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন।
এসব ঘটনায় এখন পর্যন্ত যৌথ বাহিনীর কোনো অভিযান চোখে পড়েনি। তবে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ প্লাটুন বিজিবি ও আট প্লাটুন আনসার মোতায়েন রয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জেলার বিভিন্ন উপজেলায় উত্তেজনা বাড়ছে। পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
