নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের শাখায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই তাণ্ডব চালিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী অতর্কিতভাবে কাশিয়ানী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়টির ভেতরে ভাঙচুর চালানোর পাশাপাশি সামনে অগ্নিসংযোগ করে এবং বিএনপির একটি তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
পরবর্তীতে হামলাকারীরা মিছিল নিয়ে উপজেলার ঘোনাপাড়া বাজারে যায়। সেখানে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নথিপত্রে আগুন ধরিয়ে দেয়। এ সময় রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং বাজারের একটি দোকানও ভাঙচুর করা হয়। পরপর এসব ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে পুলিশের অবস্থান ও পদক্ষেপ সম্পর্কে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
