নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : টানা কয়েক দিনের সহিংসতা, অগ্নিসংযোগ ও থানায় হামলার ঘটনার পর বুধবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জ জেলা সদর ও টুঙ্গিপাড়ায় নতুন করে বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পুরো জেলাজুড়ে থমথমে ও আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। জেলার সড়কগুলো প্রায় জনশূন্য ও ফাঁকা দেখা গেছে; মাঝেমধ্যে কেবল দু-একটি রিকশা চলাচল করতে দেখা যাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, জেলা সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াসহ পুরো জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও পুলিশ চৌকিগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি বা টহল দেখা যায়নি।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের সহিংসতা ও টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনার পর থেকেই পুলিশ সদস্যরা মাঠপর্যায় থেকে সরে গেছেন। বর্তমানে পুলিশের সদস্যরা গোপালগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত অবস্থায় রয়েছেন এবং সেখান থেকে বেরিয়ে শহরের কোথাও কোনো টহল বা নিয়মিত দায়িত্ব পালন করছেন না বলে তথ্য পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, সাধারণত যেসব গুরুত্বপূর্ণ মোড়, চৌকি বা স্থাপনায় পুলিশ মোতায়েন থাকে, সেসব জায়গা পুরোপুরি ফাঁকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ বা দৃশ্যমান উপস্থিতি না থাকায় গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার সরকারি-বেসরকারি স্থাপনা এবং সাধারণ মানুষ কার্যত অরক্ষিত অবস্থায় রয়েছে। নিরাপত্তাহীনতা ও অজানা আতঙ্কে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।
