নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতি দক্ষিণপাড়ার বাসভবনসহ তাঁর আত্মীয়স্বজনের অন্তত ১৫টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এর আগে ওইদিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে থানাটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে এবং পুলিশ সদস্যরা এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, পাটগাতিতে মধুমতি নদীর তীরে সংসদ সদস্য এস এম জিলানীর আড়াই তলা পাকা বাড়ি এবং পাশের পৈতৃক টিনের ঘর থেকে তখনও ধোঁয়া উড়ছে। বাড়ির কোনো আসবাবপত্রই অক্ষত নেই। এ ছাড়া তাঁর চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িসহ ১৪ জন আত্মীয়স্বজনের বসতঘর পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, যার অধিকাংশই ছিল টিনের তৈরি।
সংসদ সদস্যের মেজো ভাই এস এম হায়দার আলী জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়িতে তিন বোন ও তাঁদের সন্তানরা অবস্থান করছিলেন। এ সময় কয়েকশ লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দিকে ছুটে এলে তাঁরা প্রাণভয়ে পালিয়ে যান। সংসদ সদস্যের বড় বোন সেতারা কবির অভিযোগ করেন, বাড়িতে আগুন দেওয়ার আগে দুর্বৃত্তরা দুটি ফ্রিজ, তিনটি ওভেন এবং ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এসকান্দার শেখ জানান, স্টেশনের সামনে একদল লোক বিক্ষোভ করায় খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে যেতে পারেননি। পরে রাত ৯টা ৫৫ মিনিটে সংসদ সদস্যের বাড়িতে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তবে বিক্ষোভকারীদের বাধার কারণে ফায়ার সার্ভিস কর্মীরা টুঙ্গিপাড়া থানায় লাগানো আগুন নেভাতে যেতে পারেননি।
এদিকে, বুধবার দুপুর ২টার দিকে টুঙ্গিপাড়া থানায় গিয়ে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। পাশের পুলিশ অফিসার্স মেস থেকে সরকারি আগ্নেয়াস্ত্র, হেলমেট ও ব্যক্তিগত জিনিসপত্র ভ্যানে তুলে সাদা পোশাকে চলে যেতে দেখা যায় পুলিশ সদস্যদের। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁরা নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালান এবং আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেন। একপর্যায়ে তাঁরা থানায় আগুন ধরিয়ে দিলে দোতলা থানা ভবনের সব কক্ষ, নথিপত্র এবং পুলিশের ৯টি সরকারি গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। থানা থেকে সরকারি অস্ত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম লুট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন পুলিশ সদস্যরা।
বর্তমানে গোপালগঞ্জ জেলা শহর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
