ফোরটিন ডেস্ক : ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বুধবারও (১৮ নভেম্বর) সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর, সাভার, আশুলিয়া ও রাজধানীর মিরপুর শিল্পাঞ্চল। বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, কারখানা ও কার্যালয়ে ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুরে ৩৯টি এবং সাভার-আশুলিয়ায় ১২টিসহ মোট ৫১টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলগুলোতে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গাজীপুরে পুলিশের গাড়িতে পুনরায় আগুন, ৫ কিলোমিটারজুড়ে উত্তেজনা
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি ও এসআরবি সদস্যরা টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেন। ছয়দানা এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পরও গলি থেকে বের হয়ে আন্দোলনকারীরা গাড়িটি রাস্তার মাঝখানে এনে পুনরায় আগুন ধরিয়ে দেন, যা দুপুর পর্যন্ত জ্বলতে দেখা গেছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছয়দানা, হারিকেন, বোটবাজার ও সাইনবোর্ডসহ অন্তত ৫ কিলোমিটার এলাকায় থেমে থেমে সংঘর্ষ ও অবরোধ চলায় মহাসড়কে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গাজীপুরে ৩৯টি কারখানা বন্ধ ঘোষণার পাশাপাশি আশপাশের বহু কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে।
মিরপুরের কাফরুলে সংঘর্ষ ও কার্যালয়ে ভাঙচুর, আহত ১৮
অন্যদিকে, সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় শ্রমিকদের দুটি পক্ষের (কাজের পক্ষে ও বিপক্ষে থাকা গ্রুপ) মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে এক পক্ষ প্রাণ বাঁচাতে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত ঢাকা উত্তর সিটির প্রশাসক ও বিএনপি নেতা শফিকুল ইসলাম খান মিল্টনের রাজনৈতিক কার্যালয়ে আশ্রয় নিলে প্রতিপক্ষ সেখানে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। ইটপাটকেল নিক্ষেপে ভবনটি ও নিচে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের কাচ ভেঙে যায় এবং কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে তিনজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া ও সাভারে সংঘর্ষ, বন্ধ ও ছুটি ঘোষণা
সকাল থেকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে হাজিরা দিলেও অন্তত ১৩টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে নিচে নেমে আসেন এবং কর্মবিরতি শুরু করেন। আশুলিয়ার নরসিংহপুর ও খেজুরবাগ এলাকায় প্রায় চার হাজার শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের তথ্যমতে, সাভার-আশুলিয়ায় শ্রম আইনের ১৩(১) ধারায় ১২টি কারখানা বন্ধ রয়েছে; এ ছাড়া আরও ১৩টি কারখানায় কর্মবিরতি এবং ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
