নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর কাফরুলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। এতে বাড়িটির নিচতলার গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে এবং কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়েছে।
কাফরুল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শিলা আক্তার জানান, দুপুরে ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে বাড়িটিতে এসে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার পরিদর্শক শাহাজাহান শিকদার বলেন, কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে বাড়িটিতে আগুন লাগার কোনো খবর আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনে একটি খবর যাওয়ার পর ফায়ার সার্ভিসের গাড়ি বের হয়েছিল; পথিমধ্যে আগুন নিভে যাওয়ার কথা জানানো হলে গাড়িটি ফিরে আসে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চু।
