নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের মূল ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে সাতকানিয়া পৌর সদরের গ্রামীণ ব্যাংকের ঢেমশা শাখায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের মূল গেটের সামনে একটি বোতলে আগুন ধরিয়ে রেখে যায়।
ঘটনার বর্ণনা দিয়ে ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ব্যাংকের চারতলা নিজস্ব ভবনটিতেই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা রাত্রিযাপন করেন। ঘটনার রাতেও ভবনটিতে ১১ জন কর্মী অবস্থান করছিলেন। ফটকে আগুন জ্বলতে দেখেই তাঁরা দ্রুত নিচে নেমে আসেন এবং পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ফলে ব্যাংকের কোনো নথিপত্র বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, রাতের আঁধারে কোনো দুষ্কৃতকারী ব্যাংকের গেটের বাইরে বোতলে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ভরে আগুন ধরিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
