ফার্স্ট এইড হোম কেয়ার ইনকর্পোরেটেডের (1st Aide Home Care, Inc.) অংশীদার ও বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ এবং অননুমোদিত ঋণ গ্রহণের অভিযোগে অভিনেতা হেলাল খানের বিরুদ্ধে একটি গুরুতর আর্থিক অনিয়মের তথ্য আইনি নথিতে উঠে এসেছে। ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখে সম্পাদিত একটি প্রমিসরি নোটের (Promissory Note) তথ্য অনুযায়ী, হেলাল খান প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার চুক্তির শর্ত ভঙ্গ করে এবং অন্যান্য অংশীদার বা বিনিয়োগকারীদের কোনো ধরনের কর্পোরেট অনুমোদন ও সম্মতি ছাড়াই কোম্পানির নামে দুটি বড় অঙ্কের ক্যাশ অ্যাডভান্স বা ঋণ গ্রহণ করেন। নথিতে উল্লেখ করা হয়েছে যে, তিনি ৬ আগস্ট, ২০২৪ তারিখে লিবের্টাস ফান্ডিং এলএলসি (Libertas Funding, LLC) থেকে ৭,৪২,৫০০ ডলার এবং ২৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে স্যামসন এমসিএ এলএলসি (Samson MCA LLC) থেকে ৫,০০,০০০ ডলার ঋণ নেন, যা তিনি কোম্পানির কাজে ব্যয় না করে নিজ ব্যক্তিগত ব্যবহারের জন্য আত্মসাৎ করেন।
এই অননুমোদিত ঋণের দায় থেকে প্রতিষ্ঠানকে মুক্ত করতে এবং ঋণগুলো নিষ্পত্তি করতে প্রতিষ্ঠানটির আটজন অংশীদার ও বিনিয়োগকারী—তসমিয়া এফ. আহমেদ, আতিকুল ইসলাম, নাহিদ আহমেদ, ফাহাদ আর. সোলায়মান, শাহ জে. চৌধুরী, রুকন হাকিম, মোহাম্মদ রেজু এবং মোহাম্মদ আল আমিন মিয়ান যৌথভাবে ১,২০০,০০০ (বারো লক্ষ) ডলার পরিশোধ করেন। পরবর্তীতে এই অর্থ আদায়ের লক্ষ্যে এবং স্টক ক্রয়-বিক্রয় চুক্তির (SPA) অধীনে কোম্পানির বিক্রয়লব্ধ আয়ে হেলাল খানের আনুপাতিক অংশের অধিকার পাওনাদারদের বরাবর হস্তান্তরের শর্তে তার ওপর ১,০০০,৫০০ (দশ লক্ষ পাঁচশত) ডলারের চূড়ান্ত ঋণ নির্ধারণ করা হয়। চুক্তির শর্তানুযায়ী, হেলাল খান ১৬ জুন, ২০২৫ তারিখের মধ্যে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে এই সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে বাধ্য থাকবেন।
ঋণ পরিশোধে ব্যর্থতা বা চুক্তির কোনো শর্ত ভঙ্গের ক্ষেত্রে কঠোর আইনি ও আর্থিক ব্যবস্থার কথা এই নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ে অর্থ পরিশোধ না করলে বকেয়া টাকার ওপর বার্ষিক ১০ শতাংশ হারে বিলম্ব শুল্ক আরোপিত হবে এবং পাওনাদারগণ কোনো পূর্ব নোটিশ ছাড়াই এককালীন সম্পূর্ণ অর্থ দাবি করার পাশাপাশি দেনাদারের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট ও ভবিষ্যৎ আয়ের ওপর আইনি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন। এছাড়া, হেলাল খান ভবিষ্যতে ‘ফার্স্ট এইড হোম কেয়ার ইনকর্পোরেটেড’-এর নাম, লোগো, কর্পোরেট তথ্য বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করলে তা সরাসরি চুক্তি লঙ্ঘন বা খেলাপ হিসেবে গণ্য হবে। নিউ ইয়র্ক রাজ্যের আইন ও কুইন্স কাউন্টি আদালতের এখতিয়ারভুক্ত এই দলিলটিতে নোটারি পাবলিক ন্যাটালি গুরিনের উপস্থিতিতে হেলাল খান স্বাক্ষর করে নিজের দায় স্বীকার করে নিয়েছেন।
Previous Articleগোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের অন্তত ৭টি স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা
Next Article সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন
