নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া এই কর্মসূচি বুধবার (১৮ নভেম্বর) সকালেও অব্যাহত ছিল। এর ফলে সড়কটিতে দূরপাল্লার ও ভারী যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অবরোধের বিভিন্ন স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজাতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সড়কের নীলফাবাজার মোড়ে গাছের গুঁড়ি এবং পুড়িয়ে দেওয়া গাড়ির ধ্বংসাবশেষ ফেলে ব্যারিকেড তৈরি করে অবরোধকারীরা। নীলফাবাজার ছাড়াও সড়কের রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড এবং গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী মোড়েও অবরোধ কর্মসূচি চলছে।
নীলফাবাজার মোড়ে অবস্থান নেওয়া এক অবরোধকারী জানান, তাঁদের এই কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে সাধারণ ও স্থানীয় বাসিন্দাদের জরুরি যাতায়াতের সুবিধার্থে সড়কের এক পাশ দিয়ে রিকশা ও ইজিবাইক চলাচল করতে দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
এদিকে, সরেজমিনে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা এবং নীলফাবাজার মোড়ে অবরোধস্থলে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজাতে দেখা গেছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, বুধবার সকাল পর্যন্ত এই অবরোধ কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা লক্ষ করা যায়নি।
