ফোরটিন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের বিতর্কিত অভিবাসন নীতি ও ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) কঠোর অভিযানগুলোর পক্ষে দীর্ঘদিন ধরে জোরালো অবস্থান নেওয়া কট্টর ‘ম্যাগা’ (MAGA) ব্লগার স্যামুয়েল সে এবার নিজেই অভিবাসন আইনের খপ্পরে পড়ে গ্রেফতার হয়েছেন। বৈধ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের দায়ে তাঁকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে সেই আইস এজেন্টরাই।
৩৯ বছর বয়সী ঘানায় জন্মগ্রহণকারী এই ব্লগার পরবর্তীতে কানাডা হয়ে ২০২২ সালে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে প্রবেশের পর তাঁর ভিসার মেয়াদ বেশ আগেই শেষ হয়ে যায়। গত ২১ অক্টোবর ওহাইওর কলম্বাস আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভ্রমণের সময় আইস সদস্যরা তাঁকে আটক করে। বর্তমানে তাঁকে ওহাইওর বাটলার কাউন্টি জেলে রাখা হয়েছে এবং তিনি যুক্তরাষ্ট্র থেকে চূড়ান্তভাবে বিতাড়িত হওয়ার (ডিপোর্টেশন) মুখে রয়েছেন।
নিজের ‘স্লো টু রাইট’ (SlowToWrite) ব্লগের মাধ্যমে স্যামুয়েল নিজেকে রক্ষণশীল লেখক, শিক্ষক ও বক্তা হিসেবে পরিচয় দিতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আইসের বিতর্কিত সব কর্মকাণ্ডকে অন্ধভাবে সমর্থন করতেন। এক্সে (সাবেক টুইটার) তিনি একাধিকবার লিখেছিলেন—‘আমেরিকাকে ভালোবাসলে আইসকে সমর্থন করা উচিত।’ এমনকি অতীতে আইসের অভিযানে দুই মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হলেও সংস্থাটির পক্ষে সাফাই গেয়েছিলেন তিনি; দাবি করেছিলেন আইসের বিরুদ্ধে যারা কথা বলে তারা ‘শয়তানের দ্বারা প্রভাবিত’।
তবে আইসের প্রতি এই অন্ধ আনুগত্যও শেষ পর্যন্ত স্যামুয়েলকে আইনের হাত থেকে রক্ষা করতে পারেনি। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) এক মুখপাত্র নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রে কোনো বৈধ স্ট্যাটাস না থাকায় তাঁকে আটক করা হয়েছে।
স্যামুয়েলের মুক্তির জন্য অনুসারীরা অনলাইন তহবিল গঠন করেছেন এবং তাঁর পরিবার এটিকে নথিপত্রের ‘ছোট ভুল’ দাবি করলেও তা নাকচ করে দিয়েছে প্রশাসন। ডিএইচএস সাফ জানিয়ে দিয়েছে, তাঁর কোনো অভিবাসন আবেদন অনুমোদনের অপেক্ষায় নেই এবং আইন সবার জন্যই সমান। চূড়ান্ত বহিষ্কার না হওয়া পর্যন্ত তিনি আইসের হেফাজতেই থাকবেন। তবে তাঁকে কানাডায় ফেরত পাঠানো হবে নাকি ঘানায়, তা খতিয়ে দেখছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ।
