নাটোর প্রতিনিধি : পৌর ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্যের ছেলে নুরুজ্জামান মিন্টু গ্রেফতার ও রিমান্ডে যাওয়ার রেশ কাটতে না কাটতেই খোদ এমপির আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে নাটোর। নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ এবং তাঁর পরিবারকে ঘিরে ঘটে যাওয়া একের পর এক বিতর্কিত ঘটনায় স্থানীয় রাজনীতি এখন পুরোপুরি টালমাটাল।
গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় এমপি আব্দুল আজিজের বড় ছেলে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিন্টুকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
হত্যাকাণ্ডের এই শোক ও উত্তেজনার মধ্যেই সংসদ সদস্য আব্দুল আজিজের নৈতিক স্খলনজনিত প্রায় পাঁচ মিনিটের তিনটি আপত্তিকর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক নারীর সঙ্গে আপত্তিকর কথোপকথন ও অঙ্গভঙ্গির ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়লে সাধারণ ভোটারদের পাশাপাশি তীব্র ক্ষোভে ফেটে পড়েন বিএনপির জেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। ক্ষুব্ধ নেতাকর্মীরা বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরসহ বিভিন্ন এলাকা থেকে সংসদ সদস্যের ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেন এবং তাঁর পদত্যাগের দাবি তোলেন। এর আগে নিহতের জানাজায় এমপি আজিজ উপস্থিত হয়ে পরিবারকে আর্থিক সহায়তা দিতে চাইলে উপস্থিত জনতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করে এবং পরে স্থানীয় একটি শপিং মলে ভাঙচুর চালায়।
ভিডিওটি ভাইরাল হওয়া প্রসঙ্গে সংসদ সদস্য আব্দুল আজিজ দাবি করেছেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিক প্রতিপক্ষ তাঁর সম্মানহানি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় এসব ভুয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে এবং এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
দলীয় সূত্র জানায়, এমপি আজিজের দুই ছেলের অনুসারীদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই শাকিল হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর আগে শাকিল নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় জিডি ও ফেসবুকে পোস্ট করলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ পরিবারের। সব মিলিয়ে শাকিল হত্যা এবং এমপির ব্যক্তিগত ভিডিও ফাঁস ঘিরে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে নাটোরে।
