নিউইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসা পরিবহনের ভুয়া বিল জমা দিয়ে সরকারি মেডিকেইড কর্মসূচি থেকে প্রায় ৩৪ লাখ ৩৪ হাজার ডলার হাতিয়ে নেওয়ার ঘটনায় এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতে দোষ স্বীকার করার পর ৪৫ বছর বয়সী রোহাইল রাজাকে ৬ থেকে ১৮ বছরের কারাদণ্ড এবং তাঁর স্ত্রী শর্মা আলমকে ছয় মাসের কারাদণ্ডসহ পাঁচ বছরের প্রবেশন দেওয়া হয়েছে।
নিউইয়র্ক স্টেটের কম্পট্রোলার থমাস পি. ডিনাপোলি এবং অরেঞ্জ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডেভিড এম. হুভলার এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত এই দম্পতি নিউইয়র্কের নিউ উইন্ডসর এলাকার বাসিন্দা।
আদালতের নথিপত্র অনুযায়ী, রোহাইল রাজা ‘ইউনিক ক্লাস লিমো ইনকরপোরেটেড’ এবং শর্মা আলম ‘এসএনআর লিমো ইনকরপোরেটেড’ নামের দুটি পরিবহন প্রতিষ্ঠানের মালিক ছিলেন। প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনার মূল দায়িত্বে ছিলেন রাজা। নিউইয়র্ক স্টেটের স্বাস্থ্য বিভাগ থেকে অনুমোদন নিয়ে তাঁরা মূলত মেডিকেইড সুবিধাভোগী রোগীদের চিকিৎসাকেন্দ্রে যাতায়াতের জন্য বিশেষ পরিবহনসেবা পরিচালনা করতেন।
তবে স্টেট কম্পট্রোলারের কার্যালয়ের বিশেষ তদন্তে দেখা যায়, ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান দুটি এমন অসংখ্য কাল্পনিক যাত্রার বিল জমা দিয়েছে, যেগুলোর কোনো বাস্তব অস্তিত্বই ছিল না। এছাড়া একই গাড়িতে একাধিক রোগীকে একসঙ্গে পরিবহন করলেও জালিয়াতির মাধ্যমে প্রত্যেকের জন্য আলাদা আলাদা একক যাত্রার সম্পূর্ণ বিল দাবি করা হতো। বিভিন্ন চিকিৎসাকেন্দ্রের উপস্থিতির নথিপত্রের সঙ্গে জমা দেওয়া বিলের অসংগতি খতিয়ে দেখে এই বিশাল দুর্নীতির প্রমাণ পান ফরেনসিক নিরীক্ষকেরা।
চলতি বছরের ১৪ মে আদালতে নিজেদের অপরাধ স্বীকার করেন এই দম্পতি। সাজা ঘোষণার আগে তাঁরা ৪ লাখ ডলার ফেরত দেন এবং অবশিষ্ট ৩০ লাখ ৩৪ হাজার ৭৩০ ডলার রাষ্ট্রীয় কোষাগারে অবিলম্বে পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি চুরির দায়ে উভয় প্রতিষ্ঠানকে পাঁচ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।
অরেঞ্জ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডেভিড হুভলার জানান, এটি তাঁর দপ্তরের ইতিহাসে বিচার হওয়া সবচেয়ে বড় মেডিকেইড জালিয়াতির ঘটনা। সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষার জন্য বরাদ্দ সরকারি অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
