নিজস্ব প্রতিবেদক
মাদকসদৃশ বস্তু সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া জহিরুল ইসলাম গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ছাত্রদল নেতা জহিরুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হলে জেলা ছাত্রদলের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে সংগঠনের নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁর বিরুদ্ধে এই প্রশাসনিক পদক্ষেপ নেয় জেলা শাখা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জহিরুল ইসলামকে জেলা ও উপজেলাপর্যায়ের সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জহিরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তিনি এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, ভিডিও ক্লিপটি আমাদের হস্তগত হওয়ার পর প্রাথমিক সত্যতার ভিত্তিতে জহিরুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পুরো ঘটনাটি অধিকতর তদন্ত ও যাচাই-বাছাই করা হচ্ছে। নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
