নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : “আগে আওয়ামী লীগের লোকজন জায়গা দখল করেছিল, এখন আমাদের সময় এসেছে” এমন প্রকাশ্য দম্ভোক্তি দিয়ে রাতের আঁধারে শিশু-কিশোরদের খেলার মাঠ ট্রাক্টর দিয়ে চাষ করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে সরকারি খাস খতিয়ানভুক্ত চার বিঘা আয়তনের মাঠটি রক্ষার দাবিতে ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এবং শুক্রবার সকালে নওকৈড় গ্রামের দীর্ঘদিনের খেলার মাঠে হঠাৎ ট্রাক্টর নামান সলপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির হেকমত আলী সরকার। শিশু-কিশোররা যেখানে নিয়মিত ফুটবল ও ক্রিকেট খেলত, সেখানে মুহূর্তেই হালচাষ করে চারপাশ নিজেদের কবজায় নিয়ে নেওয়া হয়। মাঠ বেদখলের এই দৃশ্য দেখে শুক্রবার সকালেই ক্ষুব্ধ গ্রামবাসী ও শিক্ষার্থীরা ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করে দ্রুত মাঠটি দখলমুক্ত করার দাবি জানান।
জমিটি নিজেদের দাবি করে অভিযুক্ত জামায়াত নেতা হেকমত আলী সরকার অকপটে বলেন, “আওয়ামী লীগের লোকজন আমাদের জিম্মি করে এই জমি দখল করে মাটি ভরাট করেছিল। এখন আমাদের সময় এসেছে, তাই আমরা নিজেদের জায়গা দখলে নিয়ে চাষাবাদ করছি।”
তবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁর এই দাবি নাকচ করে দিয়েছেন। সলপ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন এবং প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নান নিশ্চিত করেছেন যে, চার বিঘা আয়তনের এই জমিটি সম্পূর্ণ সরকারি খাস খতিয়ানভুক্ত। ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রাম নির্মাণের উদ্দেশ্যে ২০১৯ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান সেখানে সরকারি উদ্যোগে মাটি ভরাট করেছিলেন। তবে শেষ পর্যন্ত প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় পরিত্যক্ত জায়গাটি গ্রামের শিশু-কিশোররা উন্মুক্ত খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। কোনো অবস্থাতেই এটি কারও ব্যক্তিগত সম্পত্তি নয় এবং খাসজমি চাষের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হচ্ছে।
এদিকে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান আলীর দাবি, জায়গাটি কখনোই খেলার মাঠ ছিল না; সরকারি কিছু জমি এলাকার লোকজন আগে থেকেই লিজ নিয়ে চাষাবাদ করত এবং এ নিয়ে আগের সরকারের সময় মামলা-হামলার ঘটনাও ঘটেছিল।
ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনীতিতে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ নওকৈড় গ্রামটি সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মওলানা রফিকুল ইসলাম খানের নিজ গ্রাম। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, সরকারি জমি চাষাবাদ করে দখলের অভিযোগটি খতিয়ে দেখে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।