আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কোনো ক্ষতি হলে কিংবা তাঁর ওপর আঘাত আসলে বাংলাদেশকে এক চরম ‘গৃহযুদ্ধের’ দিকে ঠেলে দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলটির প্রবাসী ও কেন্দ্রীয় শীর্ষ নেতারা। শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন-৩’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় এই কঠোর বার্তা দেওয়া হয়।
স্থানীয় সময় শুক্রবার রাতে নিউইয়র্কের নবান্ন পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের আমন্ত্রণে আয়োজিত এ সভায় সাবেক মন্ত্রী-এমপিসহ একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। সভাটির সার্বিক প্রচারে যুক্ত ছিলেন আব্দুল হামিদ।
সভায় আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ও নজরুল ইসলাম বাবু।
নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে দাবি তোলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে দেওয়া সব রায় অবিলম্বে বাতিল করতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে চরম সংকটজনক আখ্যা দিয়ে বক্তারা বলেন, গণতন্ত্র ও দেশকে রক্ষা করতে হলে আপসহীন হয়ে দেশের প্রতিটি মুক্তিকামী ও দেশপ্রেমিক মানুষকে এখনই রাজপথে নামতে হবে।
আলোচনা সভা থেকে সরাসরি সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে শেখ হাসিনার ক্ষতি করা হলে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং যে গৃহযুদ্ধ শুরু হবে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট মহলকেই বহন করতে হবে। শেখ হাসিনাকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে প্রবাস থেকে শুরু করে দেশের রাজপথ পর্যন্ত সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় শপথ ব্যক্ত করেন উপস্থিত নেতারা।
