নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী ফুটফুটে এক শিশুর বস্তাবন্দি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে আল আমিনের বসতবাড়ির সংলগ্ন একটি খাল থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু রাইয়ান ওই গ্রামের বাসিন্দা রাসেল খানের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে ঘরের ভেতর শিশু রাইয়ানকে পাশে নিয়ে ঘুমিয়ে ছিলেন বাবা রাসেল খান। ওই সময় তাঁর স্ত্রী রুমানা বেগম গৃহস্থালি কাজে ঘরের বাইরে ছিলেন। সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে রাসেল সাময়িক ঘুম ভেঙে ঘরে তাঁর ভায়রা (স্ত্রীর বোনের স্বামী) আল আমিনকে দেখতে পান। এরপর রাসেল পুনরায় ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পর ঘুম থেকে জেগে উঠে দেখেন বিছানায় শিশু রাইয়ান নেই।
স্বজনদের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক শত্রুতা ও বিরোধের জেরে আল আমিন শিশুটিকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করে লাশ গুম করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই রুমানা বেগম বাদী হয়ে আল আমিনসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের আগেই বৃহস্পতিবার দুপুরে প্রধান অভিযুক্ত আল আমিনকে আটক করে পুলিশ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শনিবার সকালে খালের জলে বস্তাবন্দি মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু রাইয়ানের ভাসমান লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, শিশুটির মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্তের প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
